নিজস্ব প্রতিবেদক।। রাজবাড়ীতে ছাদ থেকে লাফিয়ে এক করোনা রোগী আত্মহত্যা করেছে। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় পৌর শহরের ভাজনচালা এলাকার একটি নির্মানাধীন তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তপন দত্ত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ব্যবসা সংক্রান্ত কাজে তপন প্রায়ই ঢাকায় যাতায়াত করতো। হঠাৎ অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন। গতকাল তার করোনা পজেটিভ এসেছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সদস্যরা তপনকে আইসোলেশনে আনার জন্য তার বাড়ীতে যায়। কিন্তু তখন তাকে বাড়ীতে পাওয়া যায়নি এবং বিকালে স্বাস্থ্য বিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তার বাড়ীতে যায়। তখনও তাকে না পেয়ে ফিরে আসে। পড়ে সন্ধ্যা ৬টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মানাধীন একটি ভবনের তিন তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করে তপন দত্ত।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন, তপন দত্তের করোনা পজেটিভ ছিল। আজ দুপুরে তার পরিবারের সদস্যদের নমুনা আনতে যায় স্বাস্থ্য বিভাগ। কিন্তু সে সময় তপন দত্তের পরিবারের লোকজন বাজে আচরন করে। পরবর্তীতে আবার স্বাস্থ্য বিভাগ ও পুলিশ সদস্যরা তার বাড়ীতে যায়। কিন্তু তখন কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে সন্ধ্যায় জানতে পারেন একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তপন দত্ত আত্মহত্যা করেছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গতকাল তপন দত্তের করোনা পজেটিভ এসেছে শুনেছেন। আজ স্বাস্থ্য বিভাগের লোকজন ও পুলিশ তার বাড়ীতে গিয়ে তাকে পায়নি। পড়ে সন্ধ্যায় দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তপন দত্তকে হাসপাতালে পাঠায় এবং হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।