বগুড়া সংবাদদাতা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ (টিএমসি) ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে মামুনুর রশিদ সরদার (৭২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে তার মৃত্যুর পর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানাজা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
টিএমসি ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পেশায় ব্যবসায়ী মামুনুর রশিদ সরদার জয়পুরহাটের কালাই পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কালাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। করোনা উপসর্গ নিয়ে তিনি গত শুক্রবার (১৭ জুলাই) সকালে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ফলাফল আসার আগেই শনিবার সকাল তার মৃত্যু। পরে রিপোর্টে তার করোনা ধরা পড়ে।
মরহুমের ছেলে রানা সরদার সাংবাদিকদের জানান, তার বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা ছিল না। পরে বগুড়া শজিমেক হাসপাতালের আইসিইউতে নিতে বলা হয়। এর আগেই তার মৃত্যু হয়।