মহসিন আজাদ।। টানা বৃষ্টিতে যানজট আর জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে থাকায় কোথাও কোথাও দেখা দেয় তীব্র যানজটের। প্রধান সড়কের পাশাপাশি নগরীর অনেক অলিগলিতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে, আরো কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রাজধানীর মিরপুর শেওড়াপাড়া প্রধান সড়কের এমন দৃশ্য। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ব্যস্ততম এই সড়কটি। ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে যানবাহন। সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার এমন চিত্র রাজধানীর অনেক সড়কেই। থেমে থেমে বৃষ্টির পানির সাথে রয়েছে সড়কের কাটাকাটি। আর এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মানুষের চলাচলেও দুর্ভোগ।

এমন চিত্র শুধু প্রধান সড়কে নয়, নগরীর অনেক ওলিগলিতেও হাটু পর্যন্ত পানি জমে থাকায় ভোগান্তি বাড়িয়েছে কয়েকগুণ। রাজধানীর মিরপুরের এই গলি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে।
খাল দখল ও সড়ক খোড়াখুড়ির কারণে শেওড়াপাড়ায় জমে যায় হাটু পানি। জনপ্রতিনিধরা আশ্বাস দিলেন খুব দ্রুত সমস্যা সমাধানের।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে আরো দুই-তিনদিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সারা দেশেই অব্যাহত রয়েছে শ্রাবনের এই বৃষ্টি।
সমুদ্র তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানান আবহাওয়া অফিস। সে কারণে দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে।