টাঙ্গাইল সংবাদদাতা।। টাঙ্গাইলে বাস চাপায় কাজী ওয়াজেদ (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। কাজী ওয়াজেদ ডিএমপির ওয়ারী জোনে টিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা।
মোশারফ হোসেন জানান, ‘কাজী ওয়াজেদ মোটরসাইকেলযোগে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি ঘাটাইলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি মহাসড়কের বিক্রমহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
তিনি আরও জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তার পরিবারকে অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।’