জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে করোনায় আক্রান্ত হয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুব আলম মঞ্জুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) ভোর রাতে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত
করেছেন সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া। মাহাবুব আলম মঞ্জুর বাড়ি জয়পুরহাট পৌর এলাকার হারাইল মহল্লায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই করোনা উপসর্গ নিয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হন মাহবুব আলম মঞ্জু। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ১৭ জুলাই তার করোনা পরীক্ষা রেজাল্ট পজিটিভ আসে।
পরে অবস্থার অবনতি হওয়ায় ২২ জুলাই রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তিনি মারা যান।
উল্লেখ্য, এনিয়ে এ জেলায় করোনায় ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। জেলায় নতুন করে আরও ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৭০৬ জনে। আর সুস্থ্য হয়েছেন ৫১১ জন ।