ঢাকা।। চার মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড় টায় ঢাকা থেকে ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি নভোএয়ারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে প্রথম অবতরণ করে।
এর আগে, সকাল পৌণে ৯ টায় এবং ১১ টায় আরো দুইটি বিমান অবতরণের কথা থাকলেও যাত্রী সংকটের কারণে ঢাকা থেকে ছাড়া হয়নি। গত ২২ মার্চ থেকে কক্সবাজার বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখা হয়। তবে পন্যবাহী কার্গো-বিমান চলাচল চালু ছিল।
কক্সবাজার বিমানবন্দরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিকালে নভোএয়ারের একটি এবং ইউএস-বাংলার আরো ৩ টি বিমান কক্সবাজারে পৌঁছাবে। এছাড়া কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ৩ টি বিমান রওনা দেবে।
এদিকে, দুপুরে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ সুপার ও সিভিল সার্জনসহ প্রশাসনের একটি দল বিমানবন্দর পরিদর্শনে যান। এসময় স্বাস’্যবিধি মেনে যাত্রী আনা-নেয়া হচ্ছে কিনা তা তদারকি করেন। এতে কাউকে করোনা আক্রান্ত হিসেবে সন্দেহজনক মনে হলে তাকে আইসোলেশন পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, স্বাস্থ্যবিধি মেনে বিমানের যাত্রী আনা-নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ঈদুল আযাহার পর কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার ব্যাপারে আগামী ৩ আগস্ট সিদ্ধান্ত নেয়া হবে।