নিজস্ব প্রতিবেদক।। ধামরাইয়ে বন্যার পানিতে নৌকা ভ্রমণে গিয়ে ডুবে শিফা ও মীম নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বংশী নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত শিফা ও মীম ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামের। তারা দুইজনই ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, দুপুরে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় নিহত দুইজনসহ মোট পাঁচ শিক্ষার্থী বন্যার পানিতে নৌকা ভ্রমণে যায়। এ সময় নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে ডুবে যায়। এ খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফা ও মীমকে মৃত ঘোষণা করে।
শনিবার (১ আগস্ট) বিকালে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা জানান, পানিতে ডুবে অসুস্থ দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে তারা দুইজনই মারা যায়। এ সময় সাঁতার না জানা সকলকে পানিতে না গিয়ে নিরাপদে থাকার অনুরোধ জানান তিনি।