আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন।সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে কক্সবাজারে কর্মরত এপিবিএন-১৪-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে র্যাব-১৫-এর কার্যালয়ে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে সিনহা হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছিলেন, ঘটনার দিন এপিবিএনের ওই তিন সদস্য দায়িত্ব পালন করেছেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে সিনহা হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত