ঢাকা।। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় পুলিশ হেডকোয়ার্টারে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত। পুলিশ হেডকোয়ার্টার্সে বুধবার (১৯ আগস্ট) দুপুরে এক সফল অগ্নিনির্বাপণ, উদ্ধার ও বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় সহযোগিতা করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। মহড়ায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্স দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষার নার্ভ সেন্টার। এখানে পুলিশ, সিভিল কর্মকর্তা-কর্মচারী মিলে প্রায় ২২শ’ সদস্য দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া এখানে রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল। অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা থেকে কর্মকর্তা-কর্মচারী ও রাষ্ট্রীয় নথিপত্র রক্ষা করা অত্যন্ত জরুরি। অগ্নিকাণ্ড সম্পর্কে সকলকে সচেতন করতেই এ অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতি তিন মাস পর পর এবং বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপণ মহড়া আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন পুলিশ মহাপরিদর্শক।
আইজিপি আরো বলেন, ‘প্রতিবছর আমাদের দেশে অগ্নিকাণ্ডে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং সম্পদ ধ্বংস হয়। অথচ সচেতন থাকলে অগ্নিকাণ্ড থেকে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।’
একটি সফল মহড়া আয়োজনের জন্য ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান পুলিশ বাহিনীর প্রধান ড. বেনজীর আহমেদ।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)