আমাদেরবাংলাদেশ ডেস্ক।।যুব মহিলা লীগের বহিস্কৃত নেতা পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র আইন মামলার অভিযোগ গঠনের শুনানি আজ।
যুব মহিলা লীগের বহিস্কৃত নেতা শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইন মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে শুনানি হবে।
গত ১৮ই আগস্ট একই আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। আর ২৯শে জুন সিএমএম কোর্টে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা রেব-১ এর এসআই মো. আরিফুজ্জামান।
গত ২২শে ফেব্রুয়ারি দেশ ছেড়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামীকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, কিছু ডলার, রুপি এবং দুটি ডেবিট কার্ড জব্দ করে।
পরে পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন, গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অস্ত্র ও একটি বিশেষ ক্ষমতা আইনে এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।
আমাদেরবাংলাদেশ/আরাফাত