নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সেন্টু সরকার(৩৫) নামের এক সৌদি প্রবাসীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আশুলিয়ার কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকায় ওই ব্যক্তির নিমার্নাধীন বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারনা, দুবৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সেন্টু সরকার সৌদি প্রবাসী। তিনি ধামরাইয়ের তেরধারা গ্রামের নারায়ন সরকারের ছেলে।
পুলিশ জানায়, সৌদি প্রবাসী সেন্টু সরকারের নিজস্ব বাড়ি নির্মানের জন্য গত ২০ আগস্ট ধামরাই থেকে আশুলিয়া আসেন। গত ২৩ আগস্ট তার মায়ের সাথে তার সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার সাথে যোগাযোগ সম্ভব না হলে তার ভাই আশুলিয়ায় নিমার্নাধীন বাড়িতে আসেন। এসময় ঘর তালাবন্ধ ও উৎকট গন্ধ পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন ও গভীর ক্ষত পাওয়া গেছে। এসময় ওই বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত ভাঙ্গা ছুড়ি, বটি ও ধারালো চাকু উদ্ধার হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল মামুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।