মোঃ আলিফ মন্ডল ঃ বন্ধুদের বাঁচাতে গিয়ে বংশী নদীতে নিখোঁজ নয়ন (২৪) এর মৃতদেহ ছয়দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় বংশী নদী থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সাভারের আশুলিয়ার নলাম এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে এসে বংশী নদীর কন্ডা ব্রিজ এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হন নয়ন।
নিহত হলো, গাজীপুর মহানগরীর সারদাগঞ্জ এলাকার কাবিল উদ্দিনের ছেলে নাফিউল ইসলাম নয়ন। সে মিতালী গ্রুপের একটি কারখানায় এইচআর, অ্যাডমিন অ্যান্ড সিএসআর বিভাগের ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেকশনে অফিসার পদে চাকরি করতেন।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন, গতকাল শুক্রবার সকালে আশুলিয়ার নলাম এলাকায় বংশী নদীতে কচুরিপানা পরিষ্কার করতে যেয়ে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে নিহতের স্বজনরা মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে আশুলিয়া থানায় গিয়ে নয়নের মৃতদেহ সনাক্ত করে। পরে আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
উল্লেখ্য, গত শনিবার সকালে সাভারের আশুলিয়ার নলাম এলাকায় বন্ধুদের নিয়ে ঘুরতে আসে নয়ন।
পাশেই বংশাই নদীতে দুপুরের পর গোসল করতে নামে নয়নসহ বন্ধুরা। একপর্যায়ে বন্ধুরা নদীতে তলিয়ে যাচ্ছে দেখে তাদের উদ্ধার করতে নামে নয়ন। কিন্তুবন্ধুরা নিরাপদে তীরে উঠে আসলেও তলিয়ে যায় নয়ন।