আমাদেরবাংলাদেশ ডেক্সঃ কেরানীগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গনে ঢাকা জেলা পুলিশের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)- পিপিএম (বার), কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে কালো অধ্যায়ের সূচনা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীরা এদেশকে ৫০ বছর পিছিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল। প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিরা প্রায় ২১ বছর বাংলাদেশের ইতিহাস অন্ধকারে রেখেছিল। সেসময় তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মানুষ জানতে পেরেছে। তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মাছুম আহমেদ ভূঁইয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মাদ যুবায়ের আহমেদ প্রমুখ