আমাদেরবাংলাদেশ ডেস্ক।।২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন জনসাধারণের জন্য খুলে দেয়া হবে, বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, মাদারীপুরের শিবচরের পাচ্চরে বাংলাদেশ রেলওয়ের পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন সুবিধার চেক প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, পদ্মা সেতু হয়ে রেলসংযোগ বরিশাল-কুয়াকাটা-পায়রা বন্দর পর্যন্ত দেওয়া হবে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উন্নতমানের রেল স্টেশন স্থাপন করা হবে।
এর আগে, সকালে মন্ত্রী পদ্মা সেতুর রেলসংযোগ এলাকা পরির্দশন করেন। তিনি পদ্মা সেতু ও রেল সেতুর উপর দাঁড়িয়ে সেতু এলাকা পরিদর্শন করেন।এছাড়া নুরুল ইসলাম সুজন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা তার মেধা ও শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি স্তরে উন্নয়নের জোয়ার বইছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর অবদানেই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান, সিএসসি’র প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডরপ চেয়ারম্যান মো: আজহার আলী তালুকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিএম আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি রেলমন্ত্রী ক্ষতিগ্রস্ত ২৮ জনের মাঝে ১ কোটি ১২ লাখ টাকার পুনর্বাসন সুবিধার চেক প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর-কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারী সংস্থা ডরপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান আয়োজন করে।
এছাড়াও আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে (পিবিআরএলপি) মাদারীপুর জেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসাবে ২৩৪৯ জনের মধ্যে ১৩৯৪ জনকে এ পর্যন্ত ৩৬ কোটি ৪৩ লক্ষ ৪৬ হাজার টাকার পুনর্ববাসন সুবিধার চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত