নিজস্ব প্রতিবেদক।। চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান সুজন।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) রাতে সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধায় আশরাফুল ইসলাম নামের এক লোক চাঁদাবাজির মামলা দায়ের করেন।
গ্রেফতার সাইদুর রহমান সুজন বিরুলিয়ার মৃত আসানুল্লার ছেলে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম চেয়ারম্যান সুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় জনৈক আশরাফুল ইসলাম বাড়ি করতে গেলে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শেষে নিরুপায় হয়ে আশরাফুল ইসলাম চেয়ারম্যান সুজনকে মঙ্গলবার এক লক্ষ টাকা দিলেও সুজন তা মানতে নারাজ। আরও চার লক্ষ টাকার জন্য আশরাফুল ইসলামকে চাপ দিতে থাকে চেয়ারম্যান সুজন। পরে ওই ব্যক্তি থানায় এসে চেয়ারম্যানসহ ৭ জনের নামে থানায় মামলা দায়ের করে।
এ ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও তিনি জানান।