আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে মেয়াদ আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছে সরকার।
অবশেষে আরও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেলেন প্রকৌশলী তাকসিম এ খান। এ নিয়ে ষষ্ঠ দফায় তার মেয়াদ বাড়ানো হল। ওয়াসা বোর্ডের সুপারিশের পর তাকসিম এ খানের নিয়োগ সংক্রান্ত ফাইল অনুমোদন করেন সরকার প্রধান।
গত ১৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এমডি হিসেবে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ করা হয়। এই সুপারিশ পাঠানো হয় স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।
প্রকৌশলী তাকসিম এ খান ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। এরপর চারবার তার চুক্তির মেয়াদ বাড়ায় ওয়াসা বোর্ড। পঞ্চমদফা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ অক্টোবর।