আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যশোরের রেলক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হন। ১৬ অক্টোবর, শুক্রবার বিকেল ৫টার দিকে অভয়নগরের নওয়াপাড়ায় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি। অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে স্টেশনের মাস্টার মহসীন রেজা জানান, শুক্রবার বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছানোর সময় একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) এবং ৫ বছরের একটি শিশু ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর অবস্থায় অপরক এক পুরুষ (৪০), নারী (৩৫) ও এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন জানান, ট্রেন দুর্ঘটনা আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে খুলনায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানা ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত বাকি তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।