আমাদেরবাংলাদেশ ডেক্স : আশুলিয়ার বাইপাইলের ইউনিক এলাকায় অবস্থিত টাঙ্গাইল রেসিডেনশিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফকে প্রধান শিক্ষকের পদ থেকে বহিস্কার ও অব্যহতি প্রদান করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। গত ২২ আগস্ট, ২০১৯ ইং তারিখে এসংক্রান্ত অনুষ্ঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নানা আর্থিক অনিয়ম এবং প্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত কর্মকান্ডের জন্য তাকে বহিস্কার এবং অব্যহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভার গৃহীত সিদ্ধান্তের রেজুলেশন মারফত জানা যায়, মোহাম্মদ আব্দুল লতিফ (প্রধান শিক্ষক ও অধ্যক্ষ) হিসেবে টাঙ্গাইল রেসিডেনশিয়াল স্কুল এবং কলেজ- এই উভয় প্রতিষ্ঠানে কর্মরত। তবে এই প্রধান শিক্ষক ও অধ্যক্ষ পদের কোনো নিয়োগপত্র এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ রানার অনুমোদন ও রেজুলেশন ছাড়াই প্রাতিষ্ঠানিক নিয়মনীতি না মেনে জোরপূর্বক উক্ত পদ দুইটিতে আছেন। এছাড়াও তিনি ও তার স্ত্রী প্রাতিষ্ঠানিক অর্থ আত্মসাৎ করে ব্যক্তিগতভাবে নিজেদের নামে জায়গা জমি ক্রয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ প্রক্রিয়ায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ম্যানেজিং কমিটি ও নির্বাহী কমিটির সভাপতির বিনা অনুমতিতে নিজেই জাল স্বাক্ষর করে ইচ্ছামতো নিয়োগ প্রদান করেন।
এছাড়া একই ব্যক্তি প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি টাঙ্গাইল রেসিডেনশিয়াল স্কুল (ইআইআইএন নং- ১৩৬৬৩৬, স্কুল কোড ১৩৬৩) এবং টাঙ্গাইল রেসিডেনশিয়াল কলেজ (ইআইআইএন নং- ১৩৮২৩৫, কলেজ কোড ১৯৫৮) এর দায়িত্বে থাকাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নীতি বহির্ভূত। এই বিষয়টি উল্লেখ করে অত্র প্রতিষ্ঠানের সভাপতি বরাবর সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নাহার গত ২১ আগস্ট, ২০১৯ ইং তারিখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি চিঠি প্রেরণ করেন ( স্মারক নং- উমাশিঅ/সাভার/ঢাকা ১৭৭)।
এসব বিষয়াদি পর্যালোচনা করে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল লতিফকে প্রধান শিক্ষক এর পদ থেকে বহিস্কার করে এই পদের সকল ধরণের কার্যক্রম থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় মোট পাঁচ (০৫) জন সদস্য উপস্থিত থেকে রেজুলেশনে স্বাক্ষর করেন। তারা হলেন- আলহাজ্ব মোঃ মাসুদ রানা (সভাপতি), মোছাঃ পারভীন বেগম (সহঃ শিক্ষক), মোঃ সোহেল রানা (সহঃ শিক্ষক), মোঃ আব্দুল বারেক (অভিভাবক সদস্য) এবং কহিনুর আক্তার (অভিভাবক সদস্য)।
এব্যাপারে জানতে চাইলে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদ রানা জানান, প্রাতিষ্ঠানিক নিয়ম বহির্ভূত অনেক অনিয়ম ও আর্থিক কেলেংকারীর কারণে ইতোপূর্বে মোহাম্মদ আব্দুল লতিফকে পরপর দুইটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে যার সন্তোষজনক কোনো উত্তর তিনি এখনও পর্যন্ত দেন নাই। এছাড়া এর আগে ম্যানেজিং কমিটির চার জন সদস্যকে বিধি বহির্ভূতভাবে বাদ দিয়ে কমিটিতে তার স্ত্রী মিসেস সোনিয়াকে মনোনীত করেন যা নিয়ম বহির্ভূত। আবার একই ব্যক্তি দুইটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে থাকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা- এসবকিছু মিলিয়েই আমরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি মোহাম্মদ আব্দুল লতিফকে প্রধান শিক্ষকের পদ থেকে বহিস্কার ও অব্যহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।
এব্যাপারে এই প্রতিষ্ঠানের বহিস্কৃত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নাই।
সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নাহার এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ.কমকে জানান, গত ২১ আগস্ট, ২০১৯ তারিখে দুইটি ভিন্ন প্রতিষ্ঠানে একই ব্যক্তির দায়িত্ব পালন প্রসঙ্গ নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল রেসিডেনশিয়াল স্কুল এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর চিঠি পাঠিয়েছিলাম। আর আর্থিক অনিয়ম সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক নিয়ম বহির্ভূত কর্মকান্ডের জন্য ম্যানেজিং কমিটি তাদের সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা রাখে।