
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের টানা মোবাইল কোর্ট পরিচালনা কর্মসূচির আজ শনিবার (২৮ অক্টোবর) সপ্তমদিনে জেলা শহর ও সকল উপজেলায় একযোগে অভিযানে ১২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে।
জেলা শহর ও সকল উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলার সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে করোনাভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ২২ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। ধারাবাহিক সপ্তম দিন জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে শহরের ওয়াপদা, চৌমুহনা, কোর্ট রোড, বেরির পাড়, কুসুমবাগ সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১২৭ মামলায় ২০ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম