এদিকে মজিদ হত্যার এজাহারভুক্ত আসামীদের বাড়ি এখন জনশূন্য। মজিদ হত্যার পর গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছে হত্যাকারীরা। উল্লেখ্য,গত শনিবার রাত প্রায় ১০ টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে সব নিস্তব্ধ। শুধু ভেসে আসছে কান্নার শব্দ।
সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন আব্দুল মজিদ। শনিবার রাতে আইসক্রিম খেতে খেতে স্বপন ও রাসেল নামে দুই বন্ধুর সাথে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় একদল দুর্বৃত্তদের গুলিতে জীবন দিতে হল তাকে। পায়ে গুলি লেগে আহত হয় স্বপন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত মজিদের পিতা আবুল কাশেম।
এ ঘটনায় মজিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী বক্তারপুর মহল্লার মৃত সামসুর বেপারির ছেলে মুক্তার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আহত স্বপন শেখ একই মহল্লার মৃত লতিফের ছেলে।মজিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, সাভার পৌর এলাকার কোর্টবাড়ির মৃত ওমর উদ্দিনের ছেলে
মেকাইল মোল্লা (৬০),আনোয়ারের ছেলে বাবু (২৬), মৃত সামসুর বেপারির ছেলে মুক্তার (৩৫) এবং মনির (৪৫), তুরাব আলীর ছেলে স্বপন, বক্তারপুর এলাকার আনোয়ারের ছেলে মনির (২৮), স্বপন আলীর ছেলে রিপন (২০) এবং আনোয়ার (৬০) ও সুজাত (৩৫)সহ অজ্ঞাত ৮/৯ ব্যক্তি।নিহত মজিদের বোন নার্গিস ও বাবা আবুল কাশেম জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে।
মজিদের স্ত্রী শোভা বলেন, আমার পেটের সন্তান ভূমিষ্ট হয়ে তার বাবাকে দেখবে না। এছাড়াও আমার ছোট দুই সন্তানের ভবিষ্যত নষ্ট হয়ে গেছে।এলাকাবাসী অভিযোগ করেন, মেকাইল মোল্লা এলাকার চিহ্নিত হত্যাকারী হিসেবে পরিচিত। ইতিপূর্বে সে স্থানীয় বাঁশপট্টির আজাদ ও রেজাউলকে হত্যার করার পর তার কোন সুষ্ঠু বিচার হয়নি। যে কারণেই সে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।
রোববার বিকেলে নিহত আওয়ামী লীগ নেতা মজিদের নামাজে জানাযা স্থানীয় বক্তারপুর মাঠে অনুষ্ঠিত হয়। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, পুলিশ মজিদ হত্যা নিয়ে মাঠে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় মুক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামী মেকাইল মোল্লার সাথে মুক্তারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, দুর্বৃত্তরা স্থানীয় মজিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের আটক করা হবে। সাভারের কোর্টবাড়ি এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। জনশূন্য রয়েছে মামলার এজাহারভুক্ত আসামী মেকাইল মোল্লার বাড়ি। প্রকাশ্যে গুলি করে পৌর আওয়ামী লীগ নেতা হত্যার সুষ্ঠু বিচারের আশায় রয়েছেন এলাকাবাসী।























































