আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পঞ্চগড়ে গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা ওঠানামা করছে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েই চলছে কনকনে শীত ও ঘনকুয়াশা। উত্তরদিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও কুয়াশার কারণে দিন দিন বাড়ছে শীতের দাপট। ফলে জেঁকে বসেছে শীত। এতে ভোগান্তিতে পড়েছে জেলার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। গত ৩ দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, সকাল থেকে মৃদু কুয়াশা ও কনকনে শীতে মানুষজন গরম কাপড়ের পাশাপাশি খড়খুটো জ্বালিয়ে আগুনের আশ্রয় নিয়েছে। সন্ধ্যা থেকে এ জেলায় কুয়াশা
শুরু হয়ে সকাল পর্যন্ত স্থায়ী থাকে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো কিছু সময়ের জন্য দেখা গেলেও শীতের মাত্রা থেকেই যায়। সাথে ঠান্ডা হিমেল হাওয়া বইছে। ফলে এ জেলার সাধারণ মানুষ ও দিনমজুররা পড়েছেন চরম বিপাকে৷ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন তারা।