আমাদেরবাংলাদেশ ডেস্ক। আশুলিয়ায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)। এসময় উদ্ধার করা হয়ে চাকুরীপ্রার্থী ১৫ ভুক্তভোগীকে।
গতকাল শনিবার বিকেলে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় অবস্থিত তানহা অ্যাসোসিয়েট লিমিটেড নামের ভুয়া প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- ঢাকা জেলার মো. সবুজ কাজী (৩৩), খুলনা জেলার মো. শাওন মহলদার (২০), বরগুনা জেলার মো. মাহবুব আলম (৪৫) ও সিরাজগঞ্জ জেলার মো. আমিরুল ইসলাম (২৪)।
র্যাব জানায়, কিছু অসাধু চক্রের প্রতারণার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এমন একটি প্রতারক চক্রের গোপন সংবাদ পেয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত তানহা অ্যাসোসিয়েট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়। সেই সঙ্গে প্রতারকদের কাছ থেকে ২০০টি রেজিস্ট্রেশন ফরম, ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদানপত্র, ৫০টি অব্যাহতি ফরম, ০২টি টাকা জমাদানের রশিদ, ১০টি পরিচয়পত্র এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, আটকরা সমাজের সহজ সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা তাদেরকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।