আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার ভোর পাঁচটা থেকে এ রুটে এক ফুট অদূরে বয়া ও বিকন বাতি সিগন্যাল দেখা না গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখেন ফেরি মাস্টার ও বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা মোহাম্মদ আলি জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলের পথে গভীর রাত থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে নৌরুটের দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আসে। এতে ফেরি চালকদের দূরত্ব নির্ণয় করতে সমস্যা হয়। এজন্য কয়েকটি ফেরি নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়।
এ ছাড়া কুয়াশার পরিমাণ তীব্র হওয়ার কারণে ভোর পাঁচটা থেকে এই নৌ পথের সকল প্রকার ছোট বড়, ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে, যোগ করেন শিমুলিয়া ঘাটের ম্যারিন কর্মকর্তা।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় একশ যাত্রীবাহী ছোট ও পণ্যবাহী গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান মোহাম্মদ আলি।