ঢাকা।। করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৮ হাজার ২৮৫ জনের মৃত্যু হলো।
আজ সোমবার করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৪৪৬ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪১ হাজার ৩৮ জন।
বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৪টি। আর দেশের মোট ২১০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১৩৮টি। এর মধ্যে ৪৪৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.১৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.০১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,২৩৯ জনের মধ্যে ৬ হাজার ২৭১ জন পুরুষ ও ২,০১৪ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬৪১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.১৭ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮৭ হাজার ৮৭০ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩২ হাজার ২১৮ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১০ হাজার ১৩ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছে সে হার।