আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের একদিন পর মেরিনা মাড্ডি (৩৫) নামের এক আদিবাসী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেরিনা মাড্ডি উপজেলার আটভাগ আদিবাসী গ্রামের নরেন মাড্ডির স্ত্রী।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, হত্যাকারীরা তাকে বাড়ি থেকে কৌশলে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে গেছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্বামী নরেন মাড্ডি জানান, তার স্ত্রীকে পূর্বপরিকল্পিতভাবে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, পুলিশ ধর্ষণের কোনও আলামত পায়নি। তবুও ধর্ষণের কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানার জন্য পরীক্ষা করে দেখবে। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মঙ্গলবার ময়না তদন্ত না হওয়ায় বুধবার ময়না তদন্ত করা হবে।