আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ায় ক্ষোভে মাদারীপুরের শিবচরে লিপি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মাদারীপুরের শিবচরের উপজেলার কাদিরপুর গ্রামের মো রনি বেপারীর সাথে একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসী দুলাল ফরাজির মেয়ে স্কুলছাত্রী লিপি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ছেলের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হলে লিপির পরিবার তা প্রত্যাখান করে। এরপর বখাটে রনি বেপারী ফেইসবুকে ভুয়া আইডির মাধ্যমে মেয়েটির কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে।
এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে গত ১৯ ফেব্রয়ারি (শুক্রবার) সন্ধায় ঘরে থাকা কীটনাশক পান করে লিপি। গুরুতর অসুস্থ লিপি আক্তারকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকা নেয়ার পর আজ রবিবার (২১ ফেব্রয়ারি) সকালে তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের চাচা ইউসুফ ফরাজি জানান, লিপি আক্তারের ছবি ফেইসবুকে ভাইরাল হওয়ার কারণে বিগত দুদিন আগে সে কীটনাশক পান করে। পরে, রবিবার সকালে ঢাকায় তার মৃত্যু হত।
নিহতের মা জানান, তার মেয়েকে এর আগে ওই বখাটে রনির পরিবার বিয়ের প্রস্তাব দেয়। আমার এক ভাগ্নিকে রনির চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেয়ায় আমরা সেখানে আত্মীয় করতে চাইনি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহের ময়না তদন্তে জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।