
নিজস্ব প্রতিবেদক।। জয়পুরহাট জেলার কালাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্যে বলেন, তারা যখন খেলায় বার বার হেরে যাচ্ছে, তখন বলছেন আর নির্বাচন করব না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবার মাথাপিছু আয় দিন দিন বেড়েই চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কারো কাছে মাথা নত করবে না। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
১০ মার্চ বুধবার সকাল ১১টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড, সামছুল আলম দুদু, জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম সোলায়মান আলী।
এ সময়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
উক্ত সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি হিসেবে মিনফুজুর রহমান মিলন ও কাউন্সিলারদের ভোটে সাধারন সম্পাদক হিসেবে ফজলুর রহমান ফজলু ১২৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক ৫৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।