সেইসঙ্গে তারা বললেন, তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন না করে আওয়ামী লীগ সঙ্কীর্ণতার পরিচয় দিয়েছে। নোয়াখালীতে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ব্যারিস্টার মওদুদ আহমদ। বাংলাদেশের রাজনীতির আলোচিত-সমালোচিত এক চরিত্র। তবে এখন এসব কিছুরই ঊর্ধ্বে তিনি।
শুক্রবার সকালে প্রয়াত এই নেতার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হলে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাসহ ব্যারিস্টার মওদুদের পরিবারের সদস্যরাও ছুটে আসেন শেষবারের মতো শ্রদ্ধা জানাতে।
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী,’তার প্রতি শ্রদ্ধা জানাতে না পারা জাতির দুর্ভাগ্য এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যার্থতা।’
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ও ব্যারিস্টার মওদুদ আহমদের ভায়রা তৌফিক-ই- ইলাহী বলেন,’রাজনীতিতে আরও সুসম্পর্ক থাকা উচিত। রাজনীতিতে বিভক্তি থাকবে। কিন্তু সবার মধ্যে একটা সম্প্রীতি থাকা প্রয়োজন।’
ক্ষমতাসীন দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে না আসায় সমালোচনা করেন বিএনপি নেতারা। বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তম জানান,’তাকে সন্মান জানানোর জন্য অবশ্যই দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা উচিত ছিলো। যারা করেননি আমি তাদেরকে বলবো স্বল্পমনা।’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যান নাই। এটা তাদের রাজনৈতিক দৈনতা।’
শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে। সেখানে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। পরে,জানাজায় অংশ নেন মন্ত্রীসভার সদস্যসহ ব্যারিস্টার মওদুদের সহকর্মীরা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান,’রাজনীতির মানুষ হিসেবে মৃত্যুর পর তাকে নিয়ে আলোচনা হতেই পারে। তবে আইন অঙ্গনের মানুষ হিসেবে লেখার মধ্য দিয়ে তিনি আমাদের কাছে অনন্তকাল তার একটা পরিচিতি থেকে যাবে। সন্মান থেকে যাবে।’
এরপরই মওদুদের মরদেহ নেয়া হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,’রাজনৈতিক ও গণতান্ত্রিক সঙ্কটের মধ্য দিয়ে আমরা যখন চলছি, তখন তার চলে যাওয়া আমাদের মাঝে অনেক বড় শূণ্যতা সৃষ্টি করেছে।’
নয়াপল্টনে তৃতীয় জানাজা শেষে প্রিয় নেতাকে চির বিদায় জানান নেতাকর্মীরা।























































