নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর সাভার ও শিপ্লাঞ্চল আশুলিয়ায় বেড়েছে যান চলাচল। লকডাউনের ৮ম দিনে এসে সড়কের বিভিন্ন স্থানে দেখা মিলছে জটলা। তবে সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ (২১ এপ্রিল) বুধবার সকাল থেকে সাভার বাসস্টান্ড, নবীননগর, বাইপাইল ,জামগড়া ও আশুলিয়া এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। লকডাউনে অন্যান্য দিনের তুলনায় এদিন সড়কে রয়েছে তুলনামূলক যানবাহনের চাপ।
দেখা যায়, সকাল থেকে রাজধানীর প্রবেশমুখ সাভার বাসস্টান্ডে থেমে থেমে রয়েছে ব্যক্তিগত ,পণ্য পরিবহন , রিকশা-অটোরিকশার জটলা। প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনেই বেশি বের হচ্ছে সাধারন মানুষ। গণপরিবহন না চললেও রয়েছে রাইড শেয়ারিং করা বাইক। শিল্পাঞ্চল হওয়ায় পণ্য পরিবহনের গাড়ির সংখ্যা তুলনামূলক বেশি । এরপরেই রয়েছে ব্যক্তিগত পরিবহন। রিকশা অটোরিকশায়ও দেখা যাচ্ছে দূরবর্তী স্থানে যাত্রী বহন করতে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি গাড়ির মুভমেন্ট পাস চেক কিংবা অপ্রয়োজনে বাহিরে ঘুরাফেরা বন্ধে কঠোর তারা। সর্বাত্মক লকডাউন’ কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম খান বলেন, বাহিরে বের হওয়া প্রতিটি গাড়ির মুভমেন্ট পাস চেক করা হচ্ছে। শিল্পাঞ্চলে সড়কের আইন-শৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।