মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বপরিবারে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে মৌলভীবাজারে সার্বক্ষণিক মাঠে ছিলেন তিনি। জেলার বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে কাজ করেছেন।
সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে, মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট তিন হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩২ জন।