মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি :দেশে নতুন করে গৃহহীনদের জন্য তিন লক্ষ দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় নবগঠিত সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। তাই সরকার দেশের অসহায় মানুষদের জন্য বিনামুল্যে ঘর নির্মাণ করে দিচ্ছে। তিনি আরও বলেন, এছাড়া সাভারে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়সহ আরও পঞ্চাশটি ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ১১ অক্টোবর ঘরগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে নতুন করে বন্যা পরিস্থিতিও ভাবিক রয়েছে। বন্যার্ত এলাকা গুলোতে নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাধারণ সম্পাদক তেতুলঝোঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। পরে নবগঠিত সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।