শার্শা প্রতিনিধি।। দেশের সর্ববৃহৎ স্থল বন্দ বেনাপোল এর গুরুত্ব অনুধাবন করে ভ্রমন নিরাপদ ও সহজীকরনে ২০১৯ সালের ১৭ই জুলাই বেনাপোল-ঢাকা রুটে “বেনাপোল এক্সপ্রেস” নামে যাত্রীবাহী রেল সেবা চালু করে সরকার। সে কারনে চিকিৎসা,ভ্রমণ পিয়াসী মানুষ এবং ব্যবসায়ী যাত্রী সকল বেনাপোল থেকে ঢাকায় যাওয়ার জন্য রেলপথকে বেছে নিতো,শুধু তাই নয় অধিকাংশ ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীসকলে রেলপথে যাতায়াত নিরাপদ মনে করে।
বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় দেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে বেনাপোল-ঢাকা রুটে রেল চলাচল। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলছেন, যেহেতু দেশের বিভিন্ন রুটে রেল সেবা শুরু হয়েছে সেক্ষেত্রে এ রুটটিতে স্বাস্থ্য বিধি মেনে পুনরায় যাত্রীবাহী রেল চালু হলে মানুষ উপকৃত হবে।
তবে বেনাপোল রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীদের আবেদন তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। করোনা সংক্রমণ শুরুর প্রাক্কালে ২০২০ সালের ২৬ মার্চ “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনটি বন্ধ হয়ে যায়। এর কিছুদিন পর চালু হলেও চলতি বছরের ০৫ এপ্রিল বন্ধ হয়ে যায়।
বর্তমানে সংক্রমন কমে আসায় এবং ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে এরুটে বেড়েছে যাত্রী যাতায়াত। ইতোমধ্যেই বেনাপোল রুটে শুরু হয়েছে পণ্য পরিবহন ও লোকাল যাত্রীবাহী রেল চলাচল। এছাড়া দেশের সব রুটে চলাচল করছে যাত্রীবাহী রেল। কিন্তু “বেনাপোল এক্সপ্রেস” এখনও পর্যন্ত বন্ধ থাকায় সড়ক পথে যাতায়াতে দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- সাজেদুর রহমান বলেন, সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে অবস্থিত। ভারতে চিকিৎসা, ব্যবসা আর ভ্রমণে হাজার হাজার যাত্রী যাতায়াত করে এরুটে। স্বাস্থ্য বিধি মেনে এরুটে “বেনাপোল এক্সপ্রেস” চালু করলে যাত্রীরা বেশ উপকৃত হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সভাপতি- মফিজুর রহমান সজন বলেন,যাত্রী সুবিধার্থে “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনটি চালু করা একান্ত প্রয়োজন, সরকারের রাজস্ব প্রবৃদ্ধির উন্নয়নে সর্ববৃহৎ এই স্থল বন্দরটি ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তুলতে হলে যাতায়াত ব্যবস্থায় ট্রেন চলাচল অবশ্যম্ভাবী, রেলকর্তৃপক্ষ এবং সরকারের প্রতি অনুরোধ দ্রুত সময়ের মধ্যে “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনটি চালু করার দাবি জানাচ্ছি।
বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, “বেনাপোল এক্সপ্রেস” চালুর বিষয়ে যাত্রীদের আবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম