নিজস্ব প্রতিবেদক।। সাভারে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের গেন্দা এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৪।অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম ‘বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ’।
তারা চাকরির প্রলোভন দেখিয়ে এমনকি বিভিন্ন কোম্পানির ভালো পোস্টে চাকরি দিবে বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানতে পারে র্যাব। এর প্রেক্ষিতে সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালায় র্যাব। এ সময় গ্রেফতার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের পাঁচ সদস্যকে।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার মোছা. সাহের বানু (৩২), মো. সুমন বাবু (২০), বরিশাল জেলার মো. রবিউল ইসলাম ওরফে রবি (২২), জামালপুর জেলার মো. খাইরুল ইসলাম (৫০) এবং চুয়াডাঙ্গা জেলার মো. হিরন পারভেজ (২১)। এসময় তাদের কাছ থেকে ২ সেট কম্পিউটার, ১৪ টি সীম, ৭ সেট ইউনিফরম, ২ সেট বুট, ২টি সীল, ১টি রেজিষ্টার, ৯০ পাতা অঙ্গীকার নামা, ৯০ পাতা ভাউচার ও ৯০ পাতা ভর্তির আবেদন ফরম জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা ভুক্তভোগীদেরকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতো। সে-সব অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোন কাজ না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিতো।
এছাড়া র্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে ও এই ধরনের প্রতারনার কথা স্বীকার করে। এছাড়া বিভিন্ন সাধারণ ও নিরীহ লোকজনদের নিকট হতে দীর্ঘদিন যাবৎ বিপুল পরিমান নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছে বলেও জানা যায়। মূলত তারা একটি সংঘবদ্ধ অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য।
তারা দীর্ঘদিন যাবৎ’বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ’ নামে একটি ভূয়া অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে সাধারন লোকজনকে আকৃষ্ট করে। সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল শেখানো হয় বলে জানান আলাউদ্দিন নামের এক ভুক্তভোগী। সেখানে তারা সিকিউরিটি গার্ডে নিয়োগের কথা বলে অসংখ্যা লোকের নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করে আসছে। কেউ তার দেয়া টাকা ফেরত চাইলে প্রতারকরা তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অফিস থেকে বের করে দিতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব-৪।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম