স্টাফ রিপোর্টার সাভার।। আশুলিয়ায় সড়কের পাশে ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার সরকার মার্কেটের সামনের ঢাকাগামী লেনের পাশ থেকে পায়ের কাটা অংশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে কারখানায় কাজে যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো পা দেখতে পান কয়েকজন পোশাক শ্রমিক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পলিথিন থেকে বের করে পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলের পাশে থাকা এক চায়ের দোকানি বলেন,আমরা সকাল ৭টার দিকে পলিথিনে একটা কাটা পা দেখতে পাই। ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেই।’
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,সকালে সড়কের পাশে পলিথিন ব্যাগে কাটা পা দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পলিথিনের ভেতর থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া একটি পা উদ্ধার করা হয়। পলিথিনে পায়ের হাড়েরও কিছু অংশ পাওয়া গেছে। আমরা সেগুলো থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এছাড়া পুলিশ আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পুরুষের পায়ের অংশ। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পাশাপাশি আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম