আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। নতুন দামে বোতলজাত এক লিটারের দাম ১৭৮ টাকা ও ৫ লিটারের ৮৮০ টাকা করা হয়েছে। সেইসাথে ১ (এক) লিটার খোলা তেল ১৫৮ টাকা ধরা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসােসিয়েশন।
আগামীকাল মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানা গেছে।
এ বিষয়ে এক বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক চিঠি দিয়েছে সংগঠনটি। ওই চিঠিতে বলা হয়, ভোজ্যতেল মালিক সমিতির সদস্যগণ বর্তমানে ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এলসি খোলার জটিলতার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়া এর সাথে সাক্ষাত করেন।
সভায় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান জনাব ফজলুর রহমান,মেঘনা গ্রুপের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল এবং টিকে গ্রুপের এম.ডি জনাব মোস্তফা হায়দার।
সভায় ডলারের মূল্য বৃদ্ধির বিষয়ে এবং এলসি খোলার জটিলতার বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা শেষে এবং ভোক্তাদের সুবিধার্থে ভোজ্যতেলের দাম ১৪ (চৌদ্দ) টাকা কমিয়ে পূনঃনির্ধারণ করা হয়। যা আগামী কাল থেকে কার্যকর হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম