নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারের ধামরাইয়ে চাঞ্চল্যকর জুলেখা হত্যাকাণ্ডের প্রধান আসামি মিরাজ শেখ-কে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে র্যাব-৪ ও র্যাব-৬ যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে.কর্নেল মোহাম্মদ আবদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি আরোও জানান,গোপন সংবাদের ভিত্তিতে যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে জুলেখা হত্যা মামলার প্রধান আসামি মো: মিরাজ শেখ-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়,আনুমানিক গত ৩/৪ মাস আগে আসামি মিরাজের সঙ্গে ভুক্তভোগী জুলেখা বেগমের বিয়ে হয়।
বিয়ের পরে তারা ধামরাই থানা এলাকায় বসবাস করতেন।
মিরাজ কালামপুর সাকিনে থ্রি-স্টার ইট ভাটায় এবং জুলেখা ওই এলাকায় একটি গার্মেন্টসেএ চাকরি করতেন। বিয়ের পর থেকে জুলেখা-কে অহেতুক এবং বিনা কারণে সন্দেহ,বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করতেন মিরাজ। এ কারণে জুলেখা অনেকবার তার মায়ের কাছে নালিশও করেছেন।
এদিকে মায়ের কাছে নালিশ করায় জুলেখার ওপর মিরাজ প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং তাদের দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তারই জেরে মিরাজ গত ২৬ অক্টোবর রাত ১২ টার দিকে জুলেখা-কে হত্যা করে বাইরে থেকে ঘরের দরজায় শিকল লাগিয়ে কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সংবাদ পেয়ে ঘটনাটি ভুক্তভোগীর পরিবার-কে জানায়।
এছাড়া তিনি আরোও জানান,পরে ধামরাই থানাধীন এলাকার শামসুল হকের বাড়িতে কাথায় মোড়ানো অবস্থায় জুলেখার মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ভাই মো: আল- আমিন মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিরাজ জুলেখা-কে হত্যার কথা স্বীকার করেছেন এবং তাকে থানায় হন্তান্তর করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু