নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারের ধামরাইয়ে কয়েকটি একলাকায় গরুচুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী- বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি বাবলী আক্তারকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২ নভেম্বর) ভোর রাত্রে অভিযান চালিয়ে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি বলেন,ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। ঘটনাগুলোতে মামলা হয়। ওই মামলা গুলোতে তদন্ত করতে গিয়ে দেখা যায় বাবলি আক্তার গরুগুলি তার হেফাজতে রেখে বিক্রি করতেন। ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এই মূহুর্তে বলতে পারছিনা। তবে তিনি বলেন এসআই আশরাফুল ইসলামের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন,বলেন তিনি।
উক্ত বিষয়ে ধামরাই থানার এসআই আশরাফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, গরুচুরির মামলায় এর আগে আমরা দুইজন-কে গ্রেফতার করি। তাদের জিজ্ঞাসাবাদে বাবলি আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং তাকে গ্রেফতার করা হয়। বাবলী আক্তার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে এবং সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। এসময় তিনি বলেন,তাকে গ্রেফতারের বিষয়টি শুনেছি। তদন্ত করছি । অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মো: মুরাদ শেখ । এছাড়া তিনি আরোও বলেন,নারী নেত্রীর এমন খবরের বিষয়টি উদ্বেগের। এর আগে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ ছিল না।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু