নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী আহতের ঘটনায় জড়িতদের ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকা থেকে আরোও ৬ জন-কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সাভার মডেল থানার কনফারেন্স কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান।
আটককৃতরা হলেন-গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাজুন্দি গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে রাসেল ফকির (২০) কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গজারিয়া বাজার গ্রামের মো: ছাত্তরের ছেলে মো: নাঈম (২০) রাজধানীর ভাসানটেক থানার পশ্চিম ভাসানটেক গ্রামের মো: কামাল হোসেনের ছেলে মো: কামরুল হাসান (২২),মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লিরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সজীব আহমেদ (২০) ও পাবনা জেলার বেড়া থানার ছোট পায়না গ্রামের দুলাল মিয়ার ছেলে মো: আরমান (২১) এবং মোবাইল বিক্রেতা মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খালশি গ্রামের আজিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (২৫)। তারা সবাই সাভারের আশপাশে ছিনতাই করে বেড়াতো। তাদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের মামলা রয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন,ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই আসামীদের সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই এর সাথে সরাসরি জড়িত ৬ জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানী-কেও গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইকারীদের ব্যবহৃতদের রক্তাক্ত ছুরিটিও। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হবে। যাদের-কে গ্রেফতার করা হয়েছে তারা সবাই মাদক গ্রহণ করতো। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন,গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি ঢাকা যান এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন।
এছাড়া তিনি আরোও বলেন,সাভারের সিএন্ডবি এলাকায় বাস থেকে নামার পর পরই তিনি ছিনতাই কারীদের কবলে পড়েন। এসময় ছিনতাই কারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরদিন আবু বক্করের ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এঘটনায় এর আগে সন্দেহের জেড়ে টেরা রাসেল নামের একজন-কে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা,ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লবসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু