মোঃ শাহেদুর রহমান জুনেদ,সিলেট থেকে: সিলেট জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নগরীর কাজিরবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ২ হাজার কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ও দুটি দোকানে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
জরিমানাকৃত দোকান দুটি হলো -বাপ্পী মাছের আড়ত ও ছৈইদ উল্লাহ মাছের আড়ত।দোকান দুটি একই মালিকের। সেখান থেকে জব্দকৃত নিষিদ্ধ পিরানহা মাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গেছে। অভিযান পরিচালনায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন।
জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।