নিজস্ব প্রতিবেদক সাভার।। সাভারে একটি হাউজিং কোম্পানির কর্মচারীদের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী অপর আরেক হাউজিং সোসাইটির কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন ভুক্তভোগী হাউজিং কোম্পানি যমযম নূর সিটির ম্যানেজার মাহবুবুর রহমান।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকার যমযম নূর সিটির জমি পরিমাপ কার্যক্রম চলাকালে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
থানার অভিযোগ পত্র সুত্রে জানা যায়, সাভারের বনগাঁও ইউনিয়নের চান্দুলিয়া এলাকায় অবস্থিত যমযম নূর সিটি নামক হাউজিং কোম্পানির মালিকানাধীন জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছিলো পার্শ্ববর্তী আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির কতিপয় লোকজন।
উক্ত বিষয়ে স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) যমযম হাউজিংয়ের সেই জমি পরিমাপ করার লক্ষে সেখানে গেলে অভিযুক্ত জাকির, মনির, মোতালেব, রফিক, তরিকুল, সুজন ও শফিকসহ অজ্ঞাত আরো ৮০/৯০ জন সহযোগী নিয়ে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে যমযম নূর সিটির সীমানায় জোর পূর্বক প্রবেশ করে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে সেখানে কর্মরতদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।
এ সময় যমযম নূর সিটির কর্মকর্তা ও শ্রমিকরা প্রাণভয়ে দৌড়ে তাদের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নেয়। এসময় অভিযুক্তরা তাদের কোম্পানির দুইটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল ভাঙচুর করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এ বিষয়ে যমযম নূর সিটির ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, আমাদের যমযম নূর সিটির মালিকানাধীন চান্দুলিয়া মৌজা এলাকার জমি নিয়ে আলনগর সুগন্ধা হাউজিংয়ের কয়েকজনের সাথে বিরোধ ছিলো। এরই ধারাবাহিকতায় আজ আমরা সেই জমি পরিমাপ করতে গেলে। অভিযুক্তরা আমাদের কর্মীদের উপর হামলা চালায় এতে আমাদের এখানে কর্মরত বেশ কয়েকজন কর্মচারী আহত হয় এবং আমাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা। পরে আহতদের সাভার উপজেলা স্বাস্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে অভিযুক্ত সুগন্ধা হাউজিংয়ের পরিচালক জাকির হোসেন বলেন জমজম নূর সিটির মালিক আমাদের জমিতে জোর পূর্বক প্রবেশ করে দখল করতে আসলে আমরা তাদের বাধা দেই। এসময় তাদের লোকজন আমাদের উপরে হামলা চালায় এতে আমার ছোট ভাই মনির আহত হয়েছেন।
উক্ত বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদেরবাংলাদেশ ডটকম/সিয়াম