নিজস্ব প্রতিবেদক সাভার ।। সাভারে অভিনব কায়দায় কেকের প্যাকেটে করে অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক মাদক কারবারি-কে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশীদ। এ সময় তিনি আরোও বলেন, গতকাল শুক্রবার রাত্রে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্দি দেত্তপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত কলিম উদ্দিন।
উক্ত বিষয়ে এসআই হারুন-অর-রশীদ এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি জানান,শুক্রবার (১১ আগস্ট) মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজ সংলগ্ন সড়কে ডিউটি প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় মাদক বেচাকেনা করছে একটি চক্র।
পরে পুলিশের একটি টিম সেখানে অভিযানে চালিয়ে মামুন নামে এক মাদক কারবারিকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ড্যান কেকের প্যাকেটের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ১০০ অ্যামফিটামিন বা কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুনের সঙ্গে থাকা সুজন নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
তিনি আরও জানান,আটক মামুনের নামে টাঙ্গাইলের বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। মামুন দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদক এনে সাভারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। শনিবার সকালে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পাশাপাশি তার সঙ্গে পলাতক সুজন নামে অপর আসামি-কেও আটকের চেষ্টা চলছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু