নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজন-কে জবাই করে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। টাকা লেনদেন সংক্রান্ত বিষয়-কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সাগর ও ঈশিতা নামে দুজন-কে আটক করে র্যাব। তারা পরস্পর স্বামী-স্ত্রী।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সোমবার রাত্রে প্রতিদিনের কাগজ এর প্রতিবেদক-কে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উক্ত বিষয়ে আগামী কাল মঙ্গলবার ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। শনিবার রাত ১০টার দিকে আশুলিয়ায় ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের মালিকানাধীন পাঁচতলা বাড়ির চতুর্থ তলা থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-বাবুল হোসেন,তার স্ত্রী সহিদা বেগম ও তাদের ছেলে মেহেদী হাসান জয়।
সে সময় নিহতের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী আঁখি আক্তার জানান,বাবুল স্ত্রী ও সন্তান নিয়ে ৭-৮ বছর ধরে দুই রুমের ওই ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন। তারা দুজনই পৃথক দুটি পোশাক কারখানায় কাজ করতেন। ফ্ল্যাটের অন্যদের সঙ্গে তেমন পরিচয় বা মেলামেশা ছিল না তাদের।
শনিবার সন্ধ্যায় চতুর্থ তলার বাবুলদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। এ সময় তাদের ফ্ল্যাটের বাইরের দরজা ভেড়ানো অবস্থায় ছিল। পরে ভেতরে গিয়ে একটি কক্ষের বিছানায় মা ও তার ছেলে জয়ের এবং আরেকটি কক্ষে বাবুলের হাত বাঁধা গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায়। এসময় তিনি আরও বলেন,আমিই প্রথম পুলিশে খবর দেই।
আমাদেরবাংলাদেশ/ডটকম রাজু