নিজস্ব প্রতিবেদক ।। গাজীপুরের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এক যাত্রী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। দুর্ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ভাওয়াল রেল স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। দেখা দিয়েছে ট্রেনের সময়সূচির বিপর্যয়।
উক্ত বিষয়ে জয়দেবপুর জংশনের কর্মকর্তা সিরাজুদ্দিন বলেন,গাজীপুরের বনখড়িয়ায় দূর্বৃত্তরা রেললাইন কেটে দেওয়ায় মোহনগঞ্জ এক্সপ্রেসের সাত বগি লাইনচ্যুত হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন বলেন,দুষ্কৃতিকারীরা রাত্রের কোনো এক সময় গ্যাস কাটার দিয়ে লাইন কেটে রাখে। গতকাল মঙ্গলবার রাত্র ১১টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া চিলাই ব্রিজে আসা মাত্রই ইঞ্জিনসহ সাত বগি রেলপথের পাশের নিচু জমিতে পড়ে যায়।
এসময় তিনি বলেন,রেললাইনের পাশের জঙ্গল থেকে ১২ কেজি ওজনের একটি ওয়ার্কশপের গ্যাস সিলিন্ডার বোতল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভাওয়াল গড় জংশনের সহকারী রেল স্টেশন মাস্টার ছবির হোসেন জানান,মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে। উদ্ধার কাজ চলছে।
এবিডি.কম/শিরিন আলম