আহসান টিটু (বাগেরহাট) : বাগেরহাট শহরে নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে এক মা খুন হয়েছেন। নিহত মায়ের নাম রাবেয়া বেগম (৬০)। রোববার সকালে শহরের বাসাবাটি পুরনো পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বাগেরহাট মডেল থানা পুলিশ ঘাতক যুবক রাসেল শেখকে (২২) আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার আলামত জব্দ করেছে।
এলাকাবাসী জানান, প্রথম স্বামী শাজাহান শেখের সঙ্গে দীর্ঘদিন আগে ছাড়াছাড়ির পর রাবেয়া শহরের রাহাতের মোড় এলাকার বুলু মিয়ার সঙ্গে দ্বিতীয় বিয়েতে বসেন। ওই স্বামীও মারা গেলে তিনি বাসাবাড়িতে মায়ের দেয়া জমিতে ঘর তুলে বসবাস করছিলেন। রাবেয়া বেগমের একমাত্র ছেলে রাসেল শেখ ছাড়াও তার আরও তিনটি মেয়ে রয়েছে। তাদের বিয়ে দেয়ার পর রাসেলকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন।
সকালে রাবেয়া বেগম বাড়ির সামনের চা দোকানি রিনার কাছ থেকে চা কিনে বাসায় নিয়ে যাওয়ার পরপরই এ হত্যাকান্ড সংঘটিত হয়। নেশাগ্রস্থ ছেলে মায়ের কাছে টাকা চাইলে পরস্পর বাগবিতন্ডায় জরিয়ে পরে। এসময় ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করে রাসেল।
এলাকাবাসী জানান, বেকার যুবক রাসেল এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিল। বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রাসেল দীর্ঘদিন ধরে নেশা করত।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাসেলকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে, কী কারণে তার নিজ মাকে ছুরি দিয়ে খুন করেছে।মামলার প্রস্তুতি চলছে।