আমাদেরবাংলাদেশ ডেস্ক: বিএ পরীক্ষায় অংশ নিয়েছেন নরসিংদী আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। কিন্তু আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দিয়েছেন-সম্প্রতি এমপি তামান্না নুসরাত বুবলীর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে স্থায়ী বহিষ্কার করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
আজ রোববার (২০ অক্টোবর) সকালে বাউবি ভিসি অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। এতে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের ডিন, পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রকরা অংশ নেন।আলোচনা শেষে তামান্না নুসরাতকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মান্নান।
উপাচার্য বলেন, নুসরাতের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আর কোনদিন তিনি বিশ্ববিদ্যালয়ের অধীন কোন কোর্সে ভর্তি হতে পারবেন না বলেও জানান তিনি। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে বলা হয়েছে রিপোর্ট দিতে। একটি শোকজ লেটারও পাঠানো হবে তামান্না নুসরাতকে। এদিকে বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। ২০১১ সালের ১ নভেম্বর তিনি দলীয় কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেয়া হলফনামা অনুযায়ী বুবলী এইচএসসি পাস। নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ কোর্সে ভর্তি হন। তবে তিনি ঢাকায় থাকলেও নরসিংদী সরকারি কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় তার হয়ে এ পর্যন্ত আটজন প্রক্সি দিয়েছেন। বাউবির বিএ কোর্স এ পর্যন্ত চারটি সেমিস্টার ও ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত হলেও তিনি একটিতেও অংশ নেননি। বিষয়টি সবাই জানলেও এমপির ভয়ে কেউ কিছু বলেনি।
সরেজমিনে পরীক্ষার হলে বুবলীর আসনে দেখা গেছে অন্য এক তরুণী বসা। সেই পরীক্ষার্থীর কাছে সাংবাদিকরা পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে এমপি তামান্না নুসরাত বুবলী বলে দাবি করেন। আইডি কার্ড দেখতে চাইলে তিনি বলেন, আনতে ভুলে গেছি। আইডি কার্ড ছাড়া কীভাবে একজন শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেয়া হলো- এমন প্রশ্নে হল পরিদর্শক বলেন, ওই পরীক্ষার্থী জানিয়েছে তার আইডি কার্ড হারিয়ে গেছে। প্রমাণ হিসেবে জিডির কপি নিয়ে আসায় তাকে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে।