নিজস্ব প্রতিবেদক ।। ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। শনিবার (২৯ নভেম্বর) সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খায়রুল আলম।
এছাড়া শনিবার সকালে তিনি ঢাকা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন অন্যদিকে ঢাকার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান-কে বদলি করে কুমিল্লায় পাঠানো হয়েছে।
গতবুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের ব্যাপক রদবদল ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে,আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার পুলিশ সুপার বদলির প্রক্রিয়া হিসেবে লটারি পদ্ধতি চালু করা হয়। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’ আয়োজিত ওই লটারিতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
লটারি শেষে তিনি জানান,দেশের ৬৪টি জেলার জন্য নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপিতে নতুন নিয়োগ বা রদবদল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সংসদ নির্বাচনের আগে সারাদেশে এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির ভিত্তিতে বদলির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী,তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে ফল প্রকাশের পর আরও ১৫ দিন পর্যন্ত ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া স্থানান্তর করা যায় না। এই বিধান ডিআইজি পর্যন্ত সকল পুলিশ কর্মকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি।
এছাড়াও নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট ইনচার্জদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। দায়িত্বভার গ্রহণ শেষে অনুষ্ঠিত বিশেষ সভায় তিনি পেশাদারিত্ব,জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)সহ সার্কেল অফিসার,ওসি,অন্যান্য ইউনিট ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ প্রমুখ।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু