নিজস্ব প্রতিবেদক।। মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানায় কর্মরত এসআই (নিঃ) নূর মোহাম্মদ মামলা তদন্তে বিশেষ কৃতিত্ব ও সাফল্যের জন্য হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। সততা এবং দক্ষতার সাথে মামলার রহস্য উদ্ঘাটন ও তদন্ত কার্যক্রম সম্পন্ন করায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
গত সোমবার ২৬ জানুয়ারি হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম মাহামুদুল হক হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপারের পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি হিসেবে নূর মোহাম্মদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। কৃতী এই পুলিশ কর্মকর্তা ঢাকা জেলার ধামরাই থানার কুশুরা ইউনিয়নের বকচর গ্রামের মো. বদর উদ্দিনের ছেলে। কর্মক্ষেত্রে যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এই অর্জন সম্পর্কে এসআই নূর মোহাম্মদ বলেন,আমি হাসাড়া হাইওয়ে থানার মামলাগুলো সততা ও নিষ্ঠার সাথে তদন্ত করতে সচেষ্ট ছিলাম। আমার কাজের এই স্বীকৃতি আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এই সম্মাননা ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা এবং মামলার নিখুঁত তদন্তে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।”
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম মাহামুদুল হক জানান,হাইওয়ে পুলিশের কাজের গতিশীলতা বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিবছর শ্রেষ্ঠ সদস্যদের নির্বাচিত করা হয়। তিনি বলেন,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তদন্তকাজে গতি ফেরাতে এ ধরনের পুরস্কার ইতিবাচক ভূমিকা পালন করে। নূর মোহাম্মদের এই সাফল্য থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যদেরও কাজের প্রতি আরও আগ্রহী ও যত্নবান করে তুলবে। উল্লেখ্য,হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের অধীনে থাকা বিভিন্ন থানার মধ্যে কর্মতৎপরতা ও মামলার সাফল্যের ভিত্তিতে এই নির্বাচন করা হয়।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু