নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি শুরু করেছে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন। নির্বাচনের সময় ভোটকেন্দ্রগুলোতে ভোটার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বিঘ্নে যাতায়াত এবং যান চলাচল নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন এর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে,উপজেলার বিভিন্ন রাস্তার উপরে বা রাস্তার পাশে রাখা সব ধরনের প্রতিবন্ধকতা অবিলম্বে অপসারণ করতে হবে। এর মধ্যে রয়েছে: নির্মাণ সামগ্রী: ইট,বালু,রড ও সিমেন্ট। অন্যান্য সামগ্রী: কাঠ,গাছের গুঁড়ি বা স্তূপ করে রাখা যেকোনো মালামাল।
এছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রাস্তার ওপর রাখা এসব সামগ্রীর কারণে যদি যান চলাচল বিঘ্নিত হয় কিংবা কেউ যদি এসব ব্যবহার করে নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তার দায়ভার সরাসরি সংশ্লিষ্ট পণ্যের মালিকের ওপর বর্তাবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে,নির্ধারিত সময়ের মধ্যে এসব সামগ্রী নিরাপদ দূরত্বে সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এবং জাতীয় নির্বাচনের গুরুত্ব বিবেচনায় এই আদেশ সমগ্র উপজেলার জন্য কার্যকর করা হয়েছে।এছাড়াও কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু