নিজস্ব প্রতিবেদক।। কেশবপুর সংসদীয় আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, অধ্যাপক মোক্তার আলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা রেকসোনা খাতুন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সৌজন্য সাক্ষাতকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাতকালে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন। এসময় তারা কেশবপুরের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
নবনির্বাচিত এমপি অধ্যাপক মোক্তার আলী কেশবপুরকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নে প্রশাসনের সাথে মিলে কাজ করার গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, অধ্যাপক মোক্তার আলী তার নির্বাচনী প্রচারণায় নিজেকে ‘কেশবপুরের খাদেম’ হিসেবে ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লাভ করেন। নির্বাচনের পর আজ প্রশাসনের এই আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কেশবপুরে এক নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু