নিজস্ব প্রতিবেদক।। দান ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ এবং স্বচ্ছ করার লক্ষ্যে যশোরের কেশবপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ডিজিটাল দানবক্স বিতরণ করা হয়েছে। ‘সুন্নাহ ও প্রযুক্তির সমন্বয়ে সমাজকল্যাণে ইসলামী ব্যাংক’-এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) কেশবপুর শাখা প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক কেশবপুর শাখার এভিপি ও শাখা প্রধান সেলিম চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মো. শফিউল আজম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:মো. আশরাফুজ্জামান, সভাপতি, কেশবপুর নিউজ ক্লাব ও কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতি।
মো. হারুনার রশীদ বুলবুল, সাধারণ সম্পাদক, কেশবপুর নিউজ ক্লাব ও সহ-সভাপতি, পৌর বাড়ি মালিক সমিতি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মো. মাজাহারুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, পরিচালনা কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিউল আজম বলেন, “ডিজিটাল দানবক্স ইসলামী ব্যাংকের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে দাতা এবং প্রতিষ্ঠান-উভয় পক্ষই একটি স্বচ্ছ ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা পাবে। এটি কেবল দান প্রক্রিয়াকে সহজ করবে না, বরং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেশবপুর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ জনাকীর্ণ স্থানে স্থাপনের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের হাতে আধুনিক এই ডিজিটাল দানবক্সগুলো তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই উদ্যোগের ফলে ক্যাশলেস সোসাইটি গঠনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর ফান্ড ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আসবে।
এবিডি.কম/রাজু